“জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনের জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ তাঁর বক্তব্যে বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার কারণেই ছাত্র-জনতার ক্ষোভ থেকে ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান সফলতা লাভ করেছে।” তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের দাবিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেছে। এই চেতনা কেবল অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা নয়; বরং বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল প্রেরণা।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস, মুক্তচিন্তা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তরুণ সমাজকে জ্ঞান, সততা, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতায় বলীয়ান হয়ে একটি আধুনিক, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ছালাউদ্দিন সুমন, সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক বরকত উল্লাহ, সহকারী অধ্যাপক কামরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ডা. অলিউল্লাহ সিকদার। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এতে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য তুলে ধরেন নাজমুন নাহার রত্না, আবিদ হোসেন, আয়েশা আক্তার রিপা, মো. আলি রিফাত ও হাসনা আক্তার। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শ হৃদয়ে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের শক্ত অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ।
পড়ুন : জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
সা/


