হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবরের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এ আলোচনা ইতিবাচক ফল দিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। এতে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত হওয়ার পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।
এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ৮ ডলারে নেমে আসে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়।
এর আগে বুধবার (৫ আগস্ট) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সামান্য বৃদ্ধি নিয়ে দিনের লেনদেন শেষ হলেও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম অল্প কমে লেনদেন শেষ করে।
বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হলে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসানের সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও আবার স্বাভাবিক হতে পারে।
পড়ুন: দেশের ৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
আর/


