সিরাজগঞ্জে গত ৪ দিনে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বর্ষণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্ট টানা ৪ দিন ধরে বেড়েই চলেছে। তবে পানি আর বাড়ার সম্ভবনা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন জানান, সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮০ মিটার। ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগের তিনদিনে এই পয়েন্টে পানি বেড়েছে যথাক্রমে ৭, ৫ ও ৬ সেন্টিমিটার।
অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৫৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে আগের তিনদিনে যথাক্রমে ৭, ৪ ও ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, গত জুন মাস থেকেই পানি কখনো বাড়ছে, কখনো কমে যাচ্ছে। বেশ কিছুদিন পানি কমতে থাকার পর গত ৪দিন ধরে ধীর গতিতে যমুনার পানি বাড়ছে। আরও ৪ থেকে ৫ দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বিপৎসীমা অতিক্রম বা বন্যা হওয়ার কোন সম্ভাবনা নেই।
পড়ুন:বরগুনায় দুই ভাইয়ের দ্বন্দ্বে হামলার ঘটনায় প্রাণ গেল জামাইর, আহত ৫
ইমি/


