মিথ্যা আশ্বাস দেয়ায় বলিউড অভিনেতা সালমান খান ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সালমান খানের সঙ্গে ফেঁসেছেন তার বোন আলভিরা অগ্নিহোত্রীও।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, অভিযোগ জানিয়ে মামলাটি দায়ের করেছেন ভারতের চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তা। অভিযোগ পত্রে তিনি জানান, সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’-এর নাম ব্যবহার করে গয়নার শোরুম খুলতে উৎসাহিত করা হয় তাকে। কিন্তু ব্যবসা শুরুর পর চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।
অভিযোগ পত্রে আরও উল্লেখ করা হয়, ‘বিগ বস’-এর সেটে সালমান খানের সঙ্গে তার দেখা হয়েছিল এবং শোরুম উদ্বোধনে যাওয়ার আশ্বাসও পেয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এছাড়া‘বিয়িং হিউম্যান’-এর জুয়েলারি বিক্রির লাইসেন্সধারী প্রতিষ্ঠান স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না করায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিজের শোরুমটি বন্ধ করে দিতে বাধ্য হন তিনি।
অরুণ গুপ্তার দাবি, মিথ্যা আশ্বাসে শোরুম প্রতিষ্ঠায় মোট ৩ কোটি রুপি বিনিয়োগ করেন যেখানে ব্যবসা শুরুতেই প্রায় ১ কোটি রুপি ব্যয় হয়। মিথ্যা আশ্বাস, প্রতারণা ও আর্থিক ক্ষতির আইন অনুযায়ী বিচার চান অভিযোগকারী।
এদিকে সব অভিযোগ অস্বীকার করেছে সালমান খান ও তার দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’। নায়কের দাবি, অরুণ গুপ্তার সঙ্গে তার কোনো প্রত্যক্ষ চুক্তি ছিল না। তিনি কেবল ব্র্যান্ডের লাইসেন্স ব্যবহারের অনুমতি দিয়েছিলেন।
এ মামলার শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ৫ অক্টোবর। এ শুনানিতে স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডের পরিচালক, সালমান খান ও আলভিরা অগ্নিহোত্রীকে তলব করেছেন আদালত।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

