‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে জেলা প্রশাসন, পিরোজপুর এবং সামাজিক বন বিভাগ, বাগেরহাটের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
সকাল সাড়ে ১১টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত বৃক্ষ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ নিয়ে মোট ১৭টি স্টল অংশগ্রহণ করে।
পড়ুন : ‘মব’ তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে: মির্জা ফখরুল
সা/


