নোয়াখালীর হাতিয়ায় নৌ-ঘাটে ইজারাদারদের নেওয়া অতিরিক্ত চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রশাসন, থানা ও বিআইডব্লিউটিএর যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত ফির বাইরে চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছিল।
ইউএনও রাসেল ইকবাল জানান, যাত্রীদের অভিযোগ পর্যালোচনা করে অতিরিক্ত চার্জ বাতিল করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ১২ জন পর্যন্ত যাত্রী বহনকারী স্পিডবোটের বার্ডিং চার্জ ৩০ টাকা এবং এর বেশি হলে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কাঠবডি নৌকায় সর্বোচ্চ ৫০ জন যাত্রীর জন্য বার্ডিং চার্জ ৩০ টাকা এবং এর বেশি হলে ১০০ টাকা নেওয়া যাবে।
তবে এসব চার্জ কোনোভাবেই যাত্রীপ্রতি আদায় করা যাবে না। এ ছাড়া ট্রলারে যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না।
নির্ধারিত ফির অতিরিক্ত টাকা দাবি করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে প্রশাসন।
আলোচনায় ইউএনও রাসেল ইকবাল, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন, বিআইডব্লিউটিএর ট্রাফিক ইনচার্জ মাসুম বিল্লাহ এবং চেয়ারম্যান ঘাট ইজারাদার পক্ষের ম্যানেজার শাহীন আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পড়ুন : জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হামলার প্রতিবাদে মানববন্ধন


