চট্টগ্রামের সীতাকুণ্ডে রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার দায়ে শিল্পগোষ্ঠী মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রয়োজনীয় অনুমতি ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাহাড় কেটে নির্মাণকাজ চালানোর অভিযোগে এ জরিমানা করা হয়।
সোমবার (১০ নভেম্বর) সকালে শুনানি ও সরেজমিন পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন এ জরিমানার আদেশ দেন।
সম্প্রতি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় মীর গ্রুপের উদ্যোগে রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তলব করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনে পাহাড় থেকে আনুমানিক ১ হাজার ৭৫০ ঘনফুট মাটি কেটে সরানোর প্রমাণ পাওয়া যায়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অনুমতি ছাড়া পাহাড় কেটে পরিবেশের ক্ষতিসাধন এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়াই রিসোর্ট নির্মাণের কাজ চালানো হয়েছে। এসব কর্মকাণ্ড সংশ্লিষ্ট পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুনানিতে মীর গ্রুপের পক্ষে অংশ নেন প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের প্রধান মোখতার হোসেন টিটু। অধিদপ্তরের কাছে তাঁরা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। তবে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে পাহাড় কাটার পুনরাবৃত্তি ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। জরিমানার ২৫ শতাংশ অর্থ জমা দিয়ে এ আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর।
এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর একই এলাকায় পাহাড় কাটার অভিযোগে মীর গ্রুপের মালিকানাধীন ‘মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজ’কে দুই লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর। ওই সময় ভ্রাম্যমাণ আদালত একজনকে তিন দিনের কারাদণ্ডও দেন। ফলে পাহাড় কাটার ঘটনায় মীর গ্রুপের বিরুদ্ধে এটি দ্বিতীয়বারের মতো জরিমানার ঘটনা।
উল্লেখ্য, বর্তমান পাহাড়টির পাশেই সংরক্ষিত বনভূমি রয়েছে। বন বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বনভূমিতে প্রবেশ না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল।
তবে বর্তমান জরিমানার বিষয়ে বক্তব্য জানতে মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজের দায়িত্বশীল কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন রিসিভ না করায় এবং পাঠানো খুদে বার্তার জবাব না পাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কাটা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
পড়ুন : জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা: উপাচার্য প্রফেসর ডঃ মোশাররফ হোসেন


