সৌদি আরবের রিয়াদে মুসা ছানাইয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বাংলাদেশি শ্রমিক হতাহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দুপুর ২টা থেকে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই কারখানায় ১৯ জন বাংলাদেশি কর্মী ছিলেন। তাদের মধ্যে আগুনে দগ্ধ হয়ে ৭ জন এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। বাকি দুজনের একজন চুল কাটাতে সেলুনে এবং অন্যজন হাঁটতে বাইরে যাওয়ায় তারা অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছিলেন না।
প্রাথমিকভাবে নিহতদের অধিকাংশের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
ঘটনার খবর পাওয়া মাত্রই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করে।
নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে
নিহতদের মধ্যে উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮) রয়েছেন বলে জানা গেছে।
নিহতদের সকল প্রকার আইনি প্রক্রিয়া সম্পন্নকরণ এবং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রিয়াদ দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহন করছেন।
পড়ুন:সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ১০ জনের মৃত্যু
ইমি/


