জয়পুরহাটে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আনা ৭৪টি চোরাই ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাত ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার মোসাব্বির হাসান ওরফে মিম্মান (২৪) এবং নওগাঁর বদলগাছী উপজেলার পশ্চিম গন্ধর্বপুর গ্রামের তামিম হোসেন (২৬) বলে জানাগেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ডিবির এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল পাঁচবিবির ‘ইউনিক ব্রাদার্স গ্যাজেট’ দোকানে অভিযান চালায়। সেখান থেকে ১৮টি অবৈধ মোবাইলসহ মোসাব্বিরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ‘তামিম গ্যাজেট জোন’ দোকানে অভিযান চালিয়ে আরও ৫৬টি মোবাইল জব্দ এবং তামিমকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় মোবাইল এনে কেনাবেচা করছিলেন। উদ্ধার করা হ্যান্ডসেটগুলোর কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন : বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
সা/


