লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসে জালিয়াতির মাধ্যমে পুত্রবধূকে নিজের মেয়ে সাজিয়ে জমি রেজিস্ট্রির (হেবা দলিল) চেষ্টা করার সময় ধরা পড়েছেন এক দলিল লেখক। এ ঘটনায় দলিল লেখক মোশাররফ হোসেন শিমুলকে ১৫ দিনের জন্য মৌখিকভাবে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে এ জালিয়াতির ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তালুক বানী নগর মৌজার একটি জমির হেবা দলিল অনুমোদনের জন্য তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যান দলিল লেখক মোশাররফ হোসেন শিমুল (সনদ নং- ৩০/২০১১)।
এ সময় তার সাথে ছিলেন তুষভান্ডার দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক। মূলত সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে জমিদাতা শ্বশুর তার ছেলের বউকে (পুত্রবধূ) নিজের ঔরসজাত মেয়ে পরিচয় দিয়ে হেবা দলিলটি সম্পাদনের চেষ্টা করছিলেন। কিন্তু সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হকের বিচক্ষণতা ও জেরার মুখে তাদের এই জালিয়াতি ধরা পড়ে যায়।
জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর সাব-রেজিস্ট্রার তাৎক্ষণিকভাবে দলিলটি জব্দ করে নিজের হেফাজতে (কাস্টাডি) নেন। পরবর্তীতে মঙ্গলবার (১০ নভেম্বর) দলিল লেখক সনদ বিধিমালা ১২(১) মোতাবেক অসদাচরণ ও রাজস্ব ফাঁকির ক্ষেত্র তৈরির দায়ে মোশাররফ হোসেন শিমুলকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে দাপ্তরিক নোটিশ প্রদান করা হয়।
এছাড়া, দলিল লেখক সমিতির নেতাদের অনুরোধের প্রেক্ষিতে তাকে আগামী ১৫ দিন সাব-রেজিস্ট্রি অফিসে প্রবেশ ও কার্যক্রমে অংশ নিতে মৌখিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুষভান্ডার দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মুঠোফোনে জাগো নিউজকে বলেন, অফিস শেষে আমি যখন বাসায় যাচ্ছিলাম, তখন স্যারের (সাব-রেজিস্ট্রার) সঙ্গে দেখা করতে তাঁর রুমে যাই। ওই সময়ই সমিতির সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ শিমুল একটি দলিল নিয়ে আসেন। স্যার তথ্য যাচাই করতে গিয়ে বুঝতে পারেন দলিলটি জাল।
তিনি আরও বলেন, যেহেতু আমি সাধারণ সম্পাদক, সবাইকে নিয়েই চলতে হয়, তাই স্যারকে অনুরোধ করে বললাম,ভুল যেহেতু করেছে, একটু ক্ষমা করে দেন। জমিদাতা পুত্রবধূকে নিজের মেয়ে সাজিয়ে হেবা দলিল করতে চেয়েছিলেন। দলিল লেখক ছোট মানুষ, জুনিয়র, তাই এই ভুলভ্রান্তি হয়েছে।
তবে ২০১১ সালের (৩০/২০১১) লাইসেন্সপ্রাপ্ত একজন দলিল লেখক কীভাবে ‘জুনিয়র’ হন, সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। পাশ কাটিয়ে গিয়ে শুধু বলেন, সে আমার জুনিয়র।
তবে প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, কারণ দর্শানোর নোটিশ কিংবা মৌখিক নোটিশ অপেক্ষা করে অন্যের লাইসেন্স ব্যবহার করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে অভিযুক্ত দলিল লেখক মোশাররফ হোসেন শিমুল নিজের দায় সহকারীর ওপর চাপিয়ে বলেন, আমার ভুল হয়েছে। তবে দলিলটি যে লিখেছে, সে আমার সহকারী। ভুলটা সে-ই করেছে। তবে জালিয়াতি করে রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে তড়িঘড়ি করে সাংবাদিকদের এড়িয়ে চলে যান।
সার্বিক বিষয়ে তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হক বলেন, পুত্রবধূকে মেয়ে সাজিয়ে জমির দলিল করার জন্য আমার কাছে উপস্থাপন করা হয়েছিল। আমি যখন দাতা এবং গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ করি, তখন জানতে পারি তারা বাবা-মেয়ে নন। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর দলিলটি জব্দ করে ওই দলিল লেখককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। পাশাপাশি মৌখিকভাবে তাকে ১৫ দিনের জন্য কার্যক্রম পরিচালনা করতে নিষেধ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পড়ুন : বরগুনার আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, কল রেকর্ড ভাইরাল


