রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও নেত্রকোনায় জেলা যুবলীগের উদ্যোগে ঝটিকা ‘শোক র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা যুবলীগ নেতা নিপুন সরকার বাপ্পীর নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।
নিপুন সরকার বাপ্পীর ফেসবুক আইডিতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মিলে জাতীয় পতাকা ও ব্যানার হাতে র্যালিটি করছেন। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ‘শোক র্যালি’ এবং ‘নিপুন সরকার বাপ্পী, জেলা যুবলীগ, নেত্রকোনা’ লেখাটি প্রদর্শন করা হয়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’ এবং ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’ ইত্যাদি স্লোগান দেন।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মিছিলটি আজ (বৃহস্পতিবার) নেত্রকোনা-কেন্দুয়া সড়কের বাইরাউড়া ব্রিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগের দলীয় কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকার বিষয়টি স্বীকার করে ওসি মো. আবুল খায়ের বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে এই মিছিল করার ঘটনায় পুলিশের পক্ষ থেকে অবশ্যই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

