চট্টগ্রামের ফয়’স লেক বেইস ক্যাম্পে ৯ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জীবনধারণের বিভিন্ন দক্ষতা শেখাতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রকৃতির মাঝে অবস্থান, জরুরি পরিস্থিতি মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা, নিরাপদ চলাচল এবং পরিবেশ সংরক্ষণসহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সকাল ১২টায় শুরু হওয়া কর্মশালার শুরুতেই পাহাড়ি এলাকায় ক্যাম্প করার সময় নিজেদের জন্য তাঁবু ও দোলনা তৈরির কৌশল শেখানো হয়। অপরিচিত স্থানে কম্পাস ব্যবহার করে সঠিক দিক নির্ণয় এবং পথ খুঁজে বের করার কৌশলও শেখানো হয় শিশু-কিশোরদের।
এছাড়া অল্প পরিসরে রান্না, ভ্রমণ কিংবা ভিন্ন পরিবেশে নিজের প্রয়োজন মেটানোর কৌশল এবং কোথাও হারিয়ে গেলে কীভাবে নিরাপদে থাকতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা নেওয়ার বিষয়েও শিশুদের ধারণা দেওয়া হয়।
নগরজীবনে নিরাপদ চলাচলের জন্য সড়ক ও যানবাহন চলাচলের নিয়মকানুন সম্পর্কে সচেতন করা হয়। দুর্ঘটনার সময় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পদ্ধতি এবং প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের পরিচিতি ও ব্যবহারবিধিও শেখানো হয়।
কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল দুঃসাহসিক বাধা অতিক্রমের প্রশিক্ষণ। দড়ির সাহায্যে শরীরের ভারসাম্য ও শক্তি কাজে লাগিয়ে ওপরে ওঠা-নামার কৌশল শেখানো হয়। পাহাড়ে ভ্রমণ, উদ্ধারকাজসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে এ ধরনের কৌশল কাজে লাগতে পারে বলে আয়োজকরা জানান।
দুপুরের খাবারের সময় বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। প্লাস্টিক, জৈব বর্জ্য, চিকিৎসাজনিত বর্জ্য ও তরল পদার্থ যথাযথভাবে নিষ্কাশনের পাশাপাশি পুরোনো জিনিসপত্র ফেলে না দিয়ে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার পদ্ধতি তুলে ধরা হয়।
অগ্নিকাণ্ড প্রতিরোধ ও জরুরি সময়ে করণীয় বিষয়েও দেওয়া হয় সচেতনতামূলক প্রশিক্ষণ। অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার শেখানোর পাশাপাশি দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে শিশু-কিশোরদের ধারণা দেওয়া হয়।
কর্মশালার শেষপর্বে পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধের অংশ হিসেবে গাছের চারা রোপণ ও পরিচর্যা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিশু-কিশোরদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের দায়িত্বে ছিলেন ইশরাত জাহান তানহা, মো. জুবায়েদ ও মো. তোফায়েল আহমেদ। কর্মশালায় অংশ নেওয়া শিশু-কিশোরদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অভিভাবকরা বলেন, নগরজীবন ও প্রযুক্তিনির্ভরতার বাইরে শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচিত করা এবং বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা শেখানোর এমন উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের প্রশিক্ষণ শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল, সচেতন ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন : প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযান


