বিজ্ঞাপন

কমোডিটি বাজার চালুর পথে সিএসই!

চট্টগ্রামে পণ্যবাজারের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরের খাতুনগঞ্জের এমএস ট্রেড সেন্টারে চিটাগং স্টক এক্সচেঞ্জের আয়োজনে এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম। এতে চিটাগং স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাতুনগঞ্জের ব্যবসায়ীরা অংশ নেন।

সেমিনারে চিটাগং স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার পণ্যবাজারের নিয়ন্ত্রক কাঠামো, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রযুক্তিগত অবকাঠামো নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশের আর্থিক কাঠামোয় একটি কার্যকর পণ্যবাজার অত্যন্ত প্রয়োজনীয়। এ বাজার চালু হলে বিনিয়োগকারীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং বিদ্যমান আর্থিক বাজারে নতুন মাত্রা যোগ হবে।

তিনি আরও বলেন, একটি মানসম্মত পণ্যবাজার চালু হলে বিভিন্ন পণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে। এর ফলে সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি দেশের মোট দেশজ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখার সম্ভাবনা রয়েছে।

চিটাগং স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, পণ্যবাজার একটি বিপুল সম্ভাবনাময় বাজার। বাংলাদেশে এ বাজারের যাত্রা শুরু হলে পুঁজিবাজারের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিও লাভবান হবে।

তিনি জানান, গত তিন বছর ধরে চিটাগং স্টক এক্সচেঞ্জ পণ্যবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এক্সচেঞ্জ প্রতিষ্ঠার প্রয়োজনীয় আইন ও বিধিবিধান প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। লেনদেন পরিচালনার প্রযুক্তিগত ব্যবস্থা প্রস্তুত রয়েছে। বর্তমানে বাজারের অংশগ্রহণকারীদের প্রস্তুতির কাজ চলছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, চিটাগং স্টক এক্সচেঞ্জের তত্ত্বাবধানে দেশে পণ্যবাজার চালুর দ্বারপ্রান্তে পৌঁছেছে। এ বাজার চালু হলে সরাসরি পণ্য কেনাবেচার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে।

তিনি বলেন, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এ উদ্যোগের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে বাজার সম্পর্কে ব্যবসায়ীদের আরও সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন।

সেমিনারে জানানো হয়, ভারত, পাকিস্তান ও মিয়ানমারসহ প্রতিবেশী কয়েকটি দেশে ইতোমধ্যে পণ্যবাজার চালু রয়েছে। বাংলাদেশেও এ বাজার চালু হলে বিনিয়োগের নতুন ক্ষেত্র সৃষ্টি হওয়ার পাশাপাশি পণ্যের মূল্য নির্ধারণে স্বচ্ছতা বাড়বে।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে ব্যবসায়ীরা পণ্যবাজারের কার্যক্রম, প্রয়োজনীয়তা, সম্ভাবনা এবং এতে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় দ্রুত পণ্যবাজার প্রতিষ্ঠা ও লেনদেন কার্যক্রম শুরুর ওপর গুরুত্বারোপ করা হয়।

চিটাগং স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ আশা করছে, দেশে পণ্যবাজার চালু হলে বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নে এ বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন