সকালের নরম রোদে উপজেলা পরিষদ চত্বর। হাতে হাতে ব্যানার, মুখে মৎস্য খাতের সম্ভাবনার কথা। র্যালির পদচারণায় মুখর হয়ে উঠল আখাউড়া উপজেলা পরিষদ চত্বর । পরে পুকুরের জলে অবমুক্ত করা হলো পোনা মাছ। যেন ছোট্ট পোনার সঙ্গে জলে ভাসল সম্ভাবনার নতুন স্বপ্ন।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন।
আলোচনায় বক্তারা বলেন, মাছ শুধু জলাশয়ের প্রাণ নয়, এটি দেশের মানুষের পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাস হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, আখাউড়া থানার এসআই মোহাম্মদ আলী রেজা মামুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সাংবাদিক বিশ্বজিৎ পাল, জুটন বনিক, মৎস্যজীবী ইকবাল হোসেন ও কায়ুম ভূঁইয়া।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ।
মাছ চাষে সাফল্যের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্যচাষি মো. আব্দুল কায়ুম, মো. ইকবাল মিয়া ও নোমান ওছমানীর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মৎস্যচাষি, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
ইমি/


