ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে জুঁই (১৫) নামে এক কিশোরী। রোববার (১৬) আগস্ট সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় স্বজনদের সঙ্গে নদীতে গোসল করার সময় জোয়ারের স্রোতে তলিয়ে যায় সে।
নিখোঁজ জুঁই রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা জনি চৌধুরী ও তাছলিমা বেগমের মেয়ে এবং মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্বজনরা জানান, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল জুঁই। সকালে স্বজনদের সঙ্গে পায়রা নদীতে গোসল করতে নামে সে। ভালো সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে হঠাৎ জোয়ারের তীব্র স্রোতে নদীর গভীরে তলিয়ে যায় জুঁই। মুহূর্তেই সে স্বজনদের চোখের আড়ালে চলে যায়।
স্থানীয়রা জানান ,তাৎক্ষণিকভাবে নদীতে নেমে জুঁইকে খুঁজতে শুরু করেন। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে অভিযান শুরু করে। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত জুঁইয়ের সন্ধান পাওয়া যায়নি।
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারবেজ বলেন, খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি টিম ঘটনাস্থলে যায়। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ওই কিশোরীকে পাওয়া যায়নি।
পড়ুন:আখাউড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ইমি/


