ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে অভিমান করে অলিউল্লাহ প্রকাশে আপেল (৪০) নামে এক মাদকাসক্ত ব্যক্তি আত্মহত্যা করেছেন।
রোববার (১৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ ওই গ্রামের সফিক মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে অলিউল্লাহ তার মা জোসনা বেগমের কাছে নেশা করার জন্য টাকা চান। তবে পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তার মা-বাবা টাকা দিতে পারেননি। এ নিয়ে অভিমান করে রাতের কোনো একসময় বাড়ির দক্ষিণ পাশে একটি আমগাছের ডালে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন অলিউল্লাহ। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের চাচা মাহতাব মিয়া জানান, অলিউল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায় ২০ বছর আগে তার বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। মাদকাসক্তির কারণে একপর্যায়ে তার স্ত্রী অন্য একজনের সঙ্গে চলে যান। পরে তাদের মেয়েরও বিয়ে হয়েছে।
তিনি বলেন, মাদক গ্রহণকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই তার ঝগড়া-বিবাদ ও বিরোধ হতো। নেশার টাকা না পেয়ে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের ধারণা।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
পড়ুন : সুনামগঞ্জে ৫০ হাজার টাকার চুক্তিতে বৃদ্ধ হত্যার অভিযোগ, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩


