মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) জেলা শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
অভিযানে নিপুণ ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা করানো এবং ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা-২-এ এক্স-রে টেকনোলজিস্ট না থাকা, প্রয়োজনীয় সনদ না থাকা এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, নূরজাহান হাসপাতালে পর্যাপ্তসংখ্যক ডিপ্লোমা সিস্টার না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, যেসব প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করলে প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।
পড়ুন:এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকতে বলেছে ভারতীয় হাইকমিশন
ইমি/


