কলকাতার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে ছিলেন অভিনেতা। আর বিষয়টা জানিয়েছেন অভিনেতা নিজেই। জানা গেছে বড় দুর্ঘটনা ঘটলেও তিনি সুস্থ ও নিরাপদে আছেন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় এই সড়ক দুর্ঘটনার কথা জানান জয়জিৎ। অভিনেতা বিষয়টি নিয়ে লেখেন টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ থেকে নামার সময় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি। যিনি লরি চালাচ্ছিলেন তিনি কোনওভাবেই স্বাভাবিক ছিলেন না। কারণ ফাঁকা রাস্তায় বেসামাল গাড়ি চালাচ্ছিলেন। লরির ধাক্কায় অভিনেতার গাড়ির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অভিনেতা আরও জানান, যদি তিনি পেছনের সিটে থাকতেন তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সৌভাগ্যবশত তিনি সামনের সিটে বসে ছিলেন তাই বড় কোনও ক্ষতি হননি। তবে তিনি আশাবাদী ছিলেন কোনও সিসিটিভি ফুটেজ দেখে সেই লরিটিকে চিহ্নিত করা যাবে। কিন্তু সেটা সম্ভব হয়নি বলে আশাহত হয়েছেন জয়জিৎ। তৎপর থাকলে হয়তো লরি চালককে ধরা সম্ভব হত বলেই মনে করেছেন তিনি। এই পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশকেও ট্যাগ করেছেন অভিনেতা।
প্রসঙ্গত, জয়জিৎ বর্তমানে ব্যস্ত জি বাংলার ‘তিলোত্তমা’ ধারাবাহিক নিয়ে। এই নাটকের মধ্যে দিয়ে দীর্ঘদিন পর আবার ছোট পর্দায় ফিরেছেন তিনি। এই ধারাবাহিকে জয়জিতের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।
পড়ুন : অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, জমা দিতে হবে যেভাবে
সা/


