জাতীয় সংসদ সদস্যদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সমর্থনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
শুক্রবার সন্ধ্যায় চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে একটি পত্র পাঠান।
অভিনন্দনপত্রে চেম্বার সভাপতি বলেন, ছাত্র রাজনীতি থেকে শিক্ষকতা, এরপর জাতীয় রাজনীতিতে দীর্ঘ পথচলা—ঠাকুরগাঁও পৌরসভার মেয়র, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালনের পর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অধিষ্ঠান দেশবাসীর জন্য আনন্দ ও গৌরবের।
মির্জা ফখরুলের সততা, নিষ্ঠা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
চেম্বার সভাপতি বলেন, রাষ্ট্রপতির অভিভাবকসুলভ দিকনির্দেশনায় দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়নের পরিবেশ আরও শক্তিশালী হবে। বাড়বে দেশি-বিদেশি বিনিয়োগের আস্থা, তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।
বিশেষ করে দেশের অর্থনীতির প্রবেশদ্বার চট্টগ্রামের বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে রাষ্ট্রপতির নীতিগত সহায়তা ও পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন আমিরুল হক।
জাতীয় অর্থনীতির বিকাশে বেসরকারি খাতের ভূমিকা নিশ্চিত করতে নবনির্বাচিত রাষ্ট্রপতির বাস্তবমুখী দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন চিটাগাং চেম্বার সভাপতি।
পড়ুন : মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩


