জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নাঈম রাজ ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের Dean International Students Awards (DIS Awards) অর্জন করেছেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটার থেকে মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার কোর্সে সর্বোচ্চ ফলাফল অর্জন করে প্রথম স্থান অধিকার করায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
নাঈম রাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬–২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জবি থেকে প্রথম শ্রেণিতে স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য ভারত সরকারের Indian Council for Cultural Relations (ICCR) Scholarship লাভ করেন। এর মাধ্যমে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারে মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার প্রোগ্রামে ভর্তি হন।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় নাঈম রাজ নিজের বিভাগ ও ফ্যাকাল্টির মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করে প্রথম স্থান অধিকার করেন। এ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে DIS Awards-এর জন্য মনোনীত ও সম্মানিত করে।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত DIS Awards and International Student Meet অনুষ্ঠানে ২২টি দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতিতে নাঈম রাজের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের অংশ হিসেবে তাকে সনদপত্র, ক্রেস্ট ও সম্মানী চেক প্রদান করা হয়।
উল্লেখ্য পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য DIS Awards চালু থাকলেও নির্ধারিত শর্ত পূরণ করে এর আগে কোনো বিদেশি শিক্ষার্থী এ পুরস্কার অর্জন করতে পারেননি। নাঈম রাজ প্রথম বিদেশি শিক্ষার্থী হিসেবে এ সম্মাননা অর্জন করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানে Dean International Students-এর পরিচালক অধ্যাপক কেওয়াল কৃষ্ণ নাঈম রাজের অর্জনে আনন্দ প্রকাশ করে তাকে অভিনন্দন জানান। Dean Students’ Welfare-এর পরিচালক অধ্যাপক নমিতা গুপ্তা বলেন, নাঈম রাজ শুধু বাংলাদেশের সম্পদ নন, তিনি তাদেরও সম্পদ। তার এই অর্জনের মাধ্যমে ভারত ও বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল হয়েছে।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারের চেয়ারপারসন ড. নভদ্বীপ কৌরও নাঈম রাজকে অভিনন্দন জানান। তিনি বলেন, নাঈম রাজের অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিভাগেরও অর্জন। ভবিষ্যতে থিয়েটারের ক্ষেত্রে তিনি আরও ভালো কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীনাক্ষী গোয়াল বলেন, ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারের প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীর এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে নাঈম রাজ থিয়েটার, সংস্কৃতি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা রাখেন।
থিয়েটারের পাশাপাশি পারফরম্যান্স আর্টেও নাঈম রাজের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ২০২০ সালে তরুণ বাংলাদেশি শিল্পীদের মধ্যে পারফরম্যান্স আর্টে অবদানের জন্য তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার অর্জন করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় পর্যন্ত নাঈম রাজের একাডেমিক ও সাংস্কৃতিক যাত্রা এক অনন্য অর্জনের সাক্ষ্য বহন করছে। তাঁর এই পথচলা শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের থিয়েটার ও সংস্কৃতির ইতিবাচক প্রতিনিধিত্বেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
পড়ুন : ডুয়েল গেজে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ, বাড়বে যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা
সা/


