বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনালে মারামারি করে বড় শাস্তি পেলেন আর্জেন্টিনার ফুটবলাররা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মেজাজ হারানোর চড়া মূল্য দিতে হচ্ছে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার তিন খেলোয়াড় এবং কোচের ওপর নেমে এসেছে ফিফার শাস্তির পাহাড়।

বিজ্ঞাপন

সবচেয়ে বড় শাস্তি দুই ফুটবলার লিয়ান্দ্রো পারদেস ও নাহুয়েল মোলিনার জন্য। মাঠের মারামারিতে জড়ানোর দায়ে পারদেসকে ১০ এবং মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।

গত ১৯ জুলাই নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচ শেষে স্প্যানিশ খেলোয়াড়দের উদ্‌যাপনের সময় দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়।

সেই ঘটনায় স্পেনের এরিক গার্সিয়াকে ধাক্কা দেওয়ার পাশাপাশি গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন পারদেস। ফিফার শৃঙ্খলা কমিটি তাকে ১০ আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৯০ হাজার ডলার জরিমানা করেছে।

স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গে সংঘর্ষে জড়ানো মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তাকেও জরিমানা দিতে হবে ৯০ হাজার ডলার।

আর্জেন্টিনার থিয়াগো আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। কোচিং স্টাফের সদস্য রবের্তো আয়ালার শাস্তি তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা।

মারামারিতে জড়ানো স্পেনের গাভিও শাস্তি এড়াতে পারেননি। বার্সেলোনা মিডফিল্ডারকে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।

এসব নিষেধাজ্ঞা শুধু সংশ্লিষ্ট খেলোয়াড়দের জাতীয় দলের ম্যাচে কার্যকর হবে। ফলে পারদেস, মোলিনা, আলমাদা কিংবা গাভির ক্লাব ফুটবলে খেলতে কোনো বাধা নেই।

খেলোয়াড়দের পাশাপাশি বড় শাস্তি পেয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে দলীয় অসদাচরণ, সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং নিরাপত্তাবিধি ভাঙার দায়ে এএফএকে মোট ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ লেখা একটি পতাকা প্রদর্শন করেছিলেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিজেদের ভূখণ্ড দাবি করা ওই রাজনৈতিক বার্তাও ফিফার তদন্তে অন্তর্ভুক্ত ছিল।

এএফএর জরিমানার মধ্যে এক লাখ ডলার বৈষম্যবিরোধী পরিকল্পনায় ব্যয় করতে হবে। একই সঙ্গে আর্জেন্টিনাকে পরবর্তী দুটি হোম ম্যাচ ৫০ শতাংশ দর্শক ধারণক্ষমতা নিয়ে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে একটি ম্যাচের দর্শক নিষেধাজ্ঞা এবং জরিমানার আরও এক লাখ ডলার পরীক্ষাকালীন সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।

শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানতে চেয়ে আবেদন করার জন্য ১০ দিন সময় দিয়েছে ফিফা। সংস্থাটির শৃঙ্খলাবিধি অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারবেন তারা।

পড়ুন : বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল যুক্তরাষ্ট্রের

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন