নরসিংদীর শিবপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ খোদেজা বেগম ওরফে মিনারা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জয়নগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে মুরগির ময়লার গর্ত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিনারা বেগম জয়নগর ইউনিয়নের জামগর গ্রামের মৃত ইসব আলীর স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে কয়েক দিন পর আবার ফিরে আসতেন। তবে এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দুপুর ১২টার দিকে শামসু বিএসসি বাড়ির পাশে মুরগির ময়লার গর্তে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে নিহতের ছেলে মোতালিব ও রুহুল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাঁদের মায়ের বলে শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানান, মিনারা বেগম নিখোঁজ হওয়ার পর তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাঁর নিখোঁজের বিষয়ে পোস্ট দেওয়া হয়েছিল।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মিনারা বেগম এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। রোববার স্থানীয় লোকজন তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে আজ বিকালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
পড়ুন : গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী


