ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে গলায় কলস ও চোখমুখ বাঁধা ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা খান।
এর পূর্বে শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছগ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের চোখমুখ ও গলায় কলস বাঁধা ছিল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, নদীতে মরদেহ ভেসে যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শনিবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পড়ুন : ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা
সা/


