সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারী সহ ৬ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা মানিক একই গ্রামের আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেন আকন্দের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেন আকন্দের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন ও রামারচর গ্রামের মোঃ মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুল হয়দার (রফিক সরকার) এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষনার পর দন্ডপ্রাপ্ত ৬ আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, সিরাজগঞ্জের সলঙ্গা থানার চর গোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের সঙ্গে পাশ্ববর্তী চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরা মানিকের বন্ধুত্ব ছিলো। সেই সুবাদে কৃষক ছানোয়ার হোসেনের নিকট থেকে ২ লাখ ২০ হাজার টাকা হাওলাদ নেয় হীরা মানিক। কৃষক ছানোয়ার হোসেন পাওনা টাকা ফেরতের জন্য হীরা মানিককে চাপ দেয়। এনিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো।
২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় কৃষক ছানোয়ার হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় হীরা মানিক। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধ্যান পাওয়া যায়নি। ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য্য নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। ঘটনাটি ছড়িয়ে পড়লে কৃষক ছানোয়ার হোসেনের পরিবার ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ সনাক্ত করে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে হীরা মানিকের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৬ জনকে অভিযুক্ত করে ২০২২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগ পত্র দাখিল করে।
মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত ৬ আসামীকে আজ আদালত যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
পড়ুন:১০ শ্রমিকের মৃত্যুর রেশ কাটেনি, সীতাকুণ্ডে ফের শিপ ইয়ার্ডে প্রাণহানি
ইমি/


