গাজীপুরের কালিয়াকৈরে এক কিশোরীর গোসলের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ আগস্ট) বিকেলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ফুলচান মিয়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ ফানাপুর গ্রামের আনসার আলীর ছেলে। তিনি প্রায় ছয় মাস আগে স্ত্রীকে নিয়ে কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তার স্ত্রী স্থানীয় একটি পার্লারে কাজ করেন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেলে একই বাড়ির ভাড়াটিয়া এক কিশোরী গোসল করতে গেলে ফুলচান মিয়া গোপনে মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ওই যুবককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
রোববার বিকেলে ফুলচান মিয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। শুনানি শেষে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “এক কিশোরীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের অভিযোগে ফুলচান মিয়াকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পড়ুন:আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স এসেছে ২১৫ কোটি ডলার
ইমি/


