টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর (৪২) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের মৃত কানছু সেখের ছেলে।
টাঙ্গাইলের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, অনুমান ৩০ বছর আগে আসামি আব্দুল গফুরের সাথে ঘাটাইলের মাকড়াই গ্রামের মৃত কোপাত আলীর মেয়ে সেলিনা খাতুনের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। বিগত ২০২২ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় সেলিনা নিখোঁজ হন। পরদিন ২১ নভেম্বর বিকেলে মাকড়াই গ্রামের একটি জঙ্গলের ড্রেন থেকে সেলিনার লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে সেলিনা খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ^াসরোধ করে হত্যা করে স্বামী আব্দুল গফুর। এ ঘটনায় সেলিনার ভাই আব্দুল মান্নান ২২ নভেম্বর ঘাটাইল থানায় মামলা করে। পরে পুলিশ গফুরকে গ্রেফতার করলে তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। একই বছর ৩১ ডিসেম্বর আদালতে চার্জশীট দেয় পুলিশ। বিচার শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট জোবায়ের হোসেন জয়।
পড়ুন:গাইবান্ধায় বিষ দিয়ে ১৭০ হাঁস-মুরগি মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
ইমি/


