কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির চার হাজার ২০০ টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে মগনামা বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পেকুয়া থানা পুলিশের একটি দল। এ সময় সরওয়ার ও মুর্শিদা বেগমকে আটক করা হয়। তাদের কাছ থেকে এসব মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—মগনামা বাজারপাড়া এলাকার মো. কায়সারের ছেলে সরওয়ার এবং মুহাম্মদ ছাদেক হোসেনের স্ত্রী মুর্শিদা বেগম।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রিদুওয়ানুল হক জানান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মগনামা বাজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৭০০ গ্রাম গাঁজা, ২৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির চার হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পড়ুন : পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার্যবণ্টন করলো মন্ত্রণালয়


