নারায়ণগঞ্জ নগরীতে পার্কিংবিহীন ভবন এবং অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত স্থাপনার বিরুদ্ধে নজরদারি জোরদার করেছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (নউক)। এরই অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় পার্কিংবিহীন ভবন পরিদর্শন করে ভবন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করেছেন নউকের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
সোমবার (২৪ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকায় পরিদর্শনকালে ভবনগুলোর অনুমোদিত নকশা, নির্ধারিত পার্কিং ব্যবস্থা এবং সড়কের জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণ কিংবা গাড়ি রাখা হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনকালে নউক চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ করতে হবে। আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনে নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকলে সড়কে গাড়ি রাখার কারণে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ নগরীর যানজট কমাতে পার্কিং ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণ কিংবা নির্ধারিত পার্কিংয়ের জায়গা অন্য কোনো কাজে ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ভবন মালিকদের অনুমোদিত নকশা মেনে চলার পাশাপাশি নির্ধারিত পার্কিংয়ের জায়গা দখল বা অন্য কোনো কাজে ব্যবহার না করার জন্য সতর্ক করেন নউক চেয়ারম্যান।
নগরবাসীর অভিযোগ, নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকায় অনেক ভবনে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই। ফলে ভবনের সামনে ও সড়কের পাশে গাড়ি পার্কিং করায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। এতে পথচারীসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ছে।
নগরবাসীর প্রত্যাশা, শুধু সতর্কতার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে নিয়ম অমান্যকারী ভবন মালিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সড়কে অবৈধ পার্কিং কমবে এবং নারায়ণগঞ্জ নগরীর যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।
পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ইমি/


