চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৫ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার শেখনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম (৬৫) কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা। তিনি ট্রাকে করে রংপুর থেকে ১৮টি গরু নিয়ে চট্টগ্রামের দিকে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে একটি কড়ই গাছের সঙ্গে আটকে যায়। এতে ট্রাক ও গাছের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
আহতরা হলেন—ফাহিম (৩৫), রশিদুল (৩০) ও স্বপন কুমার (৪৫)। তাঁদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকে ১৮টি গরু ছিল। নিহত ব্যবসায়ীর পরিবারের অনুরোধে গুরুতর আহত কয়েকটি গরু জবাই করে স্থানীয় কসাইদের কাছে বিক্রি করা হয়েছে।
এদিকে একই দিন সকালে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমানও মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েন। কুমিল্লা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে কুমিরা রয়েল গেট এলাকায় তাঁর বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে ৮ নম্বর মিনিবাসের সংঘর্ষ হয়। এতে তাঁর স্ত্রী ডা. লুবনা আহত হন। পরে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রীকে হাসপাতালে রেখে নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সোমবারই চট্টগ্রাম জেলা সিভিল সার্জন হিসেবে ডা. সাজেদুর রহমানের প্রথম কর্মদিবস ছিল।
পড়ুন:উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু
ইমি/


