বিজ্ঞাপন

মদনে ১৭ দপ্তরের অর্ধেকের বেশি ভারপ্রাপ্তের কাঁধে, ব্যাহত সরকারি সেবা

নেত্রকোনা জেলার বৃহৎ ও হাওরবেষ্টিত উপজেলা মদন। প্রায় এক লাখ ৬০ হাজার মানুষের বসবাস এই উপজেলায়। দীর্ঘদিন ধরে নিয়মিত কর্মকর্তার অভাবে এখানকার প্রশাসনিক কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বেশির ভাগ গুরুত্বপূর্ণ দপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাঁধে থাকায় সরকারি সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাওরাঞ্চলের সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, পরিষদের আওতাধীন ১৭টি দপ্তরের মধ্যে বেশ কয়েকটি দীর্ঘ সময় ধরে নিয়মিত কর্মকর্তা শূন্য।

মহিলা বিষয়ক অধিদপ্তরে বিগত তিন বছর ধরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নেই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপজেলার প্রকৌশলীর পদটি এক বছর ধরে পদ শূন্য। মৎস্য অফিসে এক বছর ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা নেই।

সমাজসেবা অফিসসহ অন্যান্য আরও দুটি গুরুত্বপূর্ণ দপ্তর দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে। পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা এসব দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। জানা যায়, অতিরিক্ত দায়িত্বের কারণে তারা মাসে মাত্র দুই থেকে চার দিন অফিসে আসেন, যার ফলে কাজের স্বাভাবিক গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শুধু শূন্যপদই নয়, কর্মরত কর্মকর্তাদের ওপরও রয়েছে অতিরিক্ত দায়িত্বের চরম চাপ ও এক কর্মকর্তার কাঁধে একাধিক দায়িত্ব। এর ফলে তাদের মূল দপ্তরের কাজও ব্যাহত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম তিনি নিজ দায়িত্বের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী মদনের পাশাপাশি আরও দুটি উপজেলার দায়িত্বে রয়েছেন তিনি। উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরও অন্য উপজেলার দায়িত্বে রয়েছেন। কৃষি, প্রাণিসম্পদ, সমবায় ও সহকারী শিক্ষা কর্মকর্তারা প্রত্যেকেই একটি করে ইউনিয়ন পরিষদের প্রশাসকের বাড়তি দায়িত্ব পালন করছেন।

নিয়মিত কর্মকর্তার অভাব এবং উপস্থিতির সংকটে জরুরি সেবা পেতে সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে। সাধারণ কাগজপত্রে স্বাক্ষর, প্রকল্পের বিল পাশ থেকে শুরু করে ভাতার মতো অতি জরুরি আবেদনগুলোও আটকে থাকছে মাসের পর মাস।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সরকারি কর্মকর্তা তাদের অসহায়ত্বের কথা স্বীকার করে বলেন, ‍“নিজেদের দপ্তর সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। এর ওপর একাধিক দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় সেবা দিতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।”

সার্বিক বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, “শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের জন্য জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।”

হাওর অঞ্চলের জনগুরুত্বপূর্ণ এই উপজেলায় দ্রুত নিয়মিত কর্মকর্তা নিয়োগের জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাদের মতে, দ্রুত পদগুলো পূরণ না হলে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে দিন দিন জনভোগান্তি আরও চরম আকার ধারণ করবে।

পড়ুন:উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন