আলোচিত বুলবুল হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
পরে মুফতি ফয়জুল করিম নিহতদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে তিনি ২ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি নুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, প্রিয়জনকে হারিয়ে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
পড়ুন:ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ খেলার উদ্বোধন
ইমি/


