সিরাজগঞ্জে বিভিন্ন সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থার ঘাটতি ও যত্রতত্র যানবাহন চলাচলের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা এবং দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-যমুনা সেতু পশ্চিম কড্ডার মহাসড়ক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলড়ি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহিদ আলম, জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সিরাজগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখা, নিয়ম না মেনে চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় নজরদারির ঘাটতির কারণে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা ঘটছে। এতে পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রী ও পথচারীরাও ঝুঁকির মধ্যে পড়ছেন।
তারা আরও বলেন, মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়াতে হবে। অবৈধভাবে সড়ক দখল ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করার পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বক্তারা দ্রুত সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
পড়ুন : ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে চীনের ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ
সা/


