স্থানীয় নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থীকে প্রাথমিকভাবে সমর্থন দেওয়ার মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের একটি রেস্তোরাঁয় জেলা কমিটির সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি।
সারজিস বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠন করা হবে। স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে এনসিপি থেকে একজন করে প্রার্থীকে প্রাথমিকভাবে সমর্থন দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এনসিপির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতিও সম্পন্ন হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, সংসদকে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না। বিরোধী দলের কথা বলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন সারজিস। এসব ইস্যুতে জনগণের দাবিগুলো তুলে ধরতে বিভাগীয় শহরগুলোতে লংমার্চ কর্মসূচি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পড়ুন : দিনাজপুরে বিপুল পরিমাণ সার জব্দ, ম্যানেজারের কারাদণ্ড


