নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে হামলার অভিযোগ উঠেছে পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন নবগঠিত কমিটির নেতারা।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের সামনে সোনাপুর-কবিরহাট সড়কে এ ঘটনা ঘটে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন-জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শাকিল, যুগ্ম আহ্বায়ক রাব্বি, শাহেদ, টিপু, হৃদয়, ছাত্রদল নেতা আসিফসহ অন্তত ১০ জন। অপর আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত ছাত্রদল নেতা মোশারফ হোসেন সাগর ও মাহবুবুল আলম রবিনের নেতৃত্বে নতুন কমিটি এবং কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাদের নিয়ে বিভিন্ন ধরনের মানহানীকর বক্তব্য ও লেখালেখি করা হচ্ছে।
তাদের দাবি, শনিবার অশ্বদিয়া গালর্স স্কুল এন্ড কলেজের সামনে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে ওয়াপদার পোল এলাকা থেকে দুটি পিকআপে করে নেতাকর্মীরা মিছিলে যোগ দিতে যাওয়ার পথে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের সামনে তাদের গতিরোধ করা হয়। পরে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল নেতাকর্মীদের রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
নবগঠিত কমিটির নেতারা আরও অভিযোগ করেন, হামলার আশঙ্কার বিষয়টি তারা আগেই পুলিশকে জানিয়েছিলেন। পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তারা। এ ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।
তবে অভিযোগ অস্বীকার করে পদবঞ্চিত ছাত্রদল নেতা মোশারফ হোসেন সাগর বলেন, তিনিসহ তার সহকর্মীরা দলের দুঃসময়ে কেন্দ্র, জেলা ও উপজেলা ছাত্রদলের নির্দেশিত সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এ সময় তারা মামলা, জেল-জুলুম ও হামলার শিকার হয়েছেন। অথচ দলের সুসময়ে এসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দিয়ে ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করায় তারা হতাশ।
তিনি দাবি করেন, তাদের ওপরই অতর্কিত হামলা চালানো হয়েছে। এতে তার এক ওয়ার্ড ছাত্রদল নেতাসহ ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ৩টার দিকে অশ্বদিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজের সামনে নবগঠিত কমিটির নেতাকর্মীদের আনন্দ মিছিলের প্রস্তুতি নিতে দেখা যায়। অন্যদিকে ইউনিয়ন পরিষদের সামনে পদবঞ্চিত ছাত্রদল নেতা মোশারফ হোসেন সাগর ও মাহবুবুল আলম রবিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী অবস্থান নেন। এ সময় ঘটনাস্থলে পুলিশকেও উপস্থিত থাকতে দেখা যায়। পরে বিকেল ৪টার দিকে নবগঠিত কমিটির নেতাকর্মীদের বহনকারী দুটি পিকআপ আনন্দ মিছিলে যাওয়ার পথে ইউনিয়ন পরিষদের সামনে বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে স্থানীয় দিনমনি বাজার থেকে আনন্দ মিছিল বের করে নবগঠিত কমিটির নেতাকর্মীরা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সেখানে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলা ও আহতের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
পড়ুন:যানজটের শহরে স্বস্তির উদ্যোগ, হকারদের জন্য ইউএনও,র নির্ধারিত ৯৮ স্থান
ইমি/


