টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিকআপ বোঝাই মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ কেলেঙ্কারির ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু নইম মোহাম্মদ সোহেল বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্মসচিব সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ৩০ জুন মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৩০ জুন তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এর আগে গত বুধবার মধ্য রাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিকআপ ভর্তি সরকারী ওষুধ ভূঞাপুরের যমুনা নদীতে ফেলার সময় জনতার হাতে আটক হয়। পরে চালককে আটক করে পিকআপসহ ওষুধ থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু নয়িম মোহাম্মদ সোহেল বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এই কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ও মূল অপরাধীদের বাঁচাতে পিকআপ চালক আজমতের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখে পিকআপ চালক আজমতের বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা। গতকাল শুক্রবার টাঙ্গাইল-ময়সিংহ সড়কের ঘাটাইল খাদ্যগুদামের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
এদিকে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিকআপ বোঝাই সরকারি ওষুধ কেলেঙ্কারির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ও হাসপাতাল ঘেরাও এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
উপজেলার পরিষদের সামনে থেকে মিছিল সহকারে হাসপাতাল ও থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। সেখান থেকে পুনরায় মিছিল সহকারে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কলেজ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এ সময় সড়কের দু’পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।
পড়ুন:যানজটের শহরে স্বস্তির উদ্যোগ, হকারদের জন্য ইউএনও,র নির্ধারিত ৯৮ স্থান
ইমি/


