নোয়াখালীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে নোয়াখালী সরকারি কলেজ মাঠে কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম, নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান ও সদর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক করিম উদ্দিন বাবু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা শেখায়। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি হলে তরুণরা মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে।
তারা আরও বলেন, জয়ের চেয়ে অংশগ্রহণ ও খেলোয়াড়সুলভ মনোভাবই বড়। প্রতিযোগিতার মাধ্যমে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যেই দেশমাতা বেগম খালেদা জিয়ার স্মৃতি ধারণ করে এই ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
পড়ুন: ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
আর/


