দুর্নীতি সমাজের প্রত্যেকটি স্তর থেকে আমাদের নির্মূল করতে হবে। কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত। আর সেই ভোটের সুযোগ আপনারা সবাই করে দিয়েছেন, সাংবাদিকরা করে দিয়েছেন। সবাই মিলে আমরা জনগণের রায় নিয়েছি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে। কাজেই আমাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে—বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে, মানিকগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সভাকক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশের সম্ভব, “দুর্নীতিতে পড়ে যাওয়া অর্থগুলো আমাদের নতুন করে আবার বিনিয়োগ করতে হবে। এছাড়া নিশ্চিত করতে হবে যে, আমরা দুর্নীতি বন্ধ করতে পেরেছি। আমরা নেশা, মাদক বন্ধ করতে পেরেছি। আমরা নারী ধর্ষণ বন্ধ করতে পেরেছি এবং আমরা জনকল্যাণমূলক কাজ করতে পেরেছি।
“স্বাস্থ্য খাতে আমাদের একেবারে নিশ্চিত সততা ফিরিয়ে আনতে হবে। হাসপাতালে উন্নত মানের খাবার, ডাক্তার এবং নার্সদের রোগীদের সঙ্গে সুন্দর ব্যবহার, বিভিন্ন সাইটে এটাকে উন্নত করতে হবে। ঘুরেফিরে একটা কথাই, আমাদের দুর্নীতিতে জিরো টলারেন্স হতে হবে। দেশটাকে বাঁচাতে হলে আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। নেশাকে না বলতে হবে, জুয়াকে না বলতে হবে। দেশটাকে টিকিয়ে রাখতে হলে, আমাদের সন্তানদের বাঁচাতে হলে চিকিৎসার মান উন্নয়ন করতে হবে।”
মন্ত্রী আরও বলেন, “ইনশাআল্লাহ আগামী তিন বছরের মধ্যে আমাদের দেশের স্বাস্থ্য খাতকে বিশ্বের যেকোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর এবং আমরা করব।”
জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় সভায় মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান, পুলিশ সুপার গোলাম সারোয়ার আলমসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
পড়ুন : শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সা/


