বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় গাছের চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
মঙ্গলবার সকালে মোংলা উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন পরিবেশ প্রতিমন্ত্রী। পরে পুকুরপাড়ে একটি সোনালু গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। দলের কর্মী হিসেবে এই দিনে প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত ও গাছের চারা রোপণ করা হয়েছে।

তিনি বলেন, মৎস্য সম্পদ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা জরুরি। বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে গাছ রোপণ ও পরিচর্যার পাশাপাশি জলাশয়ে মাছ চাষের আহ্বান জানান তিনি।
পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ প্রতিমন্ত্রী।
তার নেতৃত্বে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে গিয়ে শেষ হয়।

র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, শাকির হোসেন, নাসির তালুকদার, গোলাম নুর জনি, বাবলু ভূইয়া ও মোস্তাফিজুর রহমান জনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পড়ুন:কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত
ইমি/


