নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বিএনপির নামধারী এমন কিছু নেতা রয়েছেন, যারা বিগত সময়ে অন্যদের সঙ্গে আঁতাত করে চলেছেন। এমনকি বিগত নির্বাচনে তারা বিএনপির বিরোধিতা করেছেন এবং অন্য প্রার্থীকে জয়ী করতে মাঠপর্যায়ে কাজ করেছেন। এসব চিহ্নিত নেতার কাছ থেকে সবাইকে হুঁশিয়ার থাকার সময় এসেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ আসর বন্দরের নবীগঞ্জ পূর্বপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “আজকে সরকার দলের ভিতরে অনেকে আছে, বিএনপির নামধারী নেতৃবৃন্দ আছে। যারা বিগত সময়ে অন্যদের সঙ্গে আঁতাত করে চলেছে। অনেকে বিগত নির্বাচনে আমাদের বিরোধিতা করেছে। শুধু বিরোধিতায় নয়, অন্য প্রার্থীকে পাশ করার জন্য মাঠপর্যায়ে কাজ করেছে। এই ধরনের চিহ্নিত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুঁশিয়ার থাকার সময় এসেছে।”
তিনি আরও বলেন, “মাত্র ছয় মাসের সরকারকে যদি পাঁচ বছরে স্থায়িত্ব করতে না পারি, তাহলে জনগণের অনেক প্রত্যাশা ধ্বংস হবে। আমাদের অবশ্যই সকলকে নিয়ে চলতে হবে। তাহলে বিএনপির সরকার সফল হবে।”
সরকারের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “যার গুণ আছে, তার সমালোচনা আছে। আমরা যারা সরকারে আছি, জনগণের আমাদের কাছে অনেক প্রত্যাশা আছে। এই সমস্যা, সেই সমস্যা আছে—সেগুলো সমাধান করা চাইবেন, এটাই স্বাভাবিক।”
আবুল কালাম বলেন, “বিগত ৪৮ বছরের সমস্যাগুলো মানুষ ভোগ করে আসছে। তারা এখন ছয় মাসের মধ্যে অস্থির হয়ে আসছে। মনে হচ্ছে আকাশ থেকে ফেরেশতা নেমে এসে সব সমস্যার সমাধান করে দেবে। বিগত সময়ে তারা কোথায় ছিল, এই যন্ত্রণা ভোগ করেনি।”
তিনি বলেন, “এখন রাজনৈতিক খেলা চলছে। সেই কারণে দলের সব নেতৃবৃন্দকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন, অ্যাডভোকেট রানা, সাবেক দপ্তর সম্পাদক হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন : মসজিদের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা


