টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় জানায়, বুধবার দুপুরে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে আউয়াল শফীর লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ সময় তাঁর মাথার মগজের কয়েকটি অংশ বিচ্ছিন্ন অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও পাশে পড়ে ছিল। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন এবং চালক দ্রুত পালিয়ে গেছে।
এদিকে নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব ও মাওলানা ফরিদ উদ্দিন বলেন, লাশের গলা ও মাথার অবস্থা দেখে ঘটনাটি সাধারণ দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। তাঁদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ ব্যাপারে সখীপুর ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ‘নিহতের মাথার মগজের তিনটি অংশ তিন জায়গা থেকে কুড়িয়ে একত্র করেছি। দ্রুতগতির কোনো যানবাহনের আঘাতে এ রকম হয়ে থাকতে পারে। তাই প্রাথমিকভাবে আমাদের কাছে এটি দুর্ঘটনাই মনে হচ্ছে।’
এ বিষয়ে সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পড়ুন: আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক
আর/


