বিজ্ঞাপন

তালা-ধুলোয় বন্দি বিএনপির প্রধান কার্যালয়, সোনারগাঁয়ে থমকে সাংগঠনিক কার্যক্রম

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বর্তমানে অনেকটাই পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। উপজেলার নয়াপুর বাজারে অবস্থিত দলটির এই কার্যালয়ে দীর্ঘদিন ধরে নেই নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। একসময় নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকা কার্যালয়টি এখন পড়ে আছে অনেকটা নিস্তব্ধ অবস্থায়।

সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের ভবন, দরজা-জানালাসহ বিভিন্ন স্থানে অযত্নের ছাপ স্পষ্ট। আশপাশে পড়ে রয়েছে মাটি, ইট, ভাঙা স্থাপনার অংশ ও নির্মাণসামগ্রীর ধ্বংসাবশেষ। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনটির বর্তমান অবস্থা অনেকটাই পরিত্যক্ত স্থাপনার মতো।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় এই কার্যালয় থেকেই উপজেলা বিএনপির সভা, সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের বৈঠকসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পরিচালিত হতো। তবে সময়ের সঙ্গে কার্যালয়টির কার্যক্রম অনিয়মিত হয়ে পড়ে। একপর্যায়ে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় দলীয় কার্যক্রম।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিম সরকার নাগরিক টিভিকে বলেন, প্রায় চার বছর ধরে কার্যালয়টি ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। ১৯৯০ সালের পর উপজেলা বিএনপির উদ্যোগে তৎকালীন সদ্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ব্যারিস্টার রাবিয়া ভূইয়ার কাছ থেকে জায়গাটি ক্রয় করা হয়। পরে সেখানে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় নির্মাণ করা হয়।

তিনি আরও বলেন, নির্মাণের প্রায় এক দশক পর থেকেই কার্যালয়ের কার্যক্রম ধীরে ধীরে অনিয়মিত হয়ে পড়ে। ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২০ বছর ধরে তিনি কার্যালয়টি দেখভাল করেছেন। দীর্ঘদিন এটি নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশারফ নাগরিক টিভি কে বলেন, কার্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে মদনপুর-জয়দেবপুর সড়কের নির্মাণকাজের সামগ্রী কার্যালয় সংলগ্ন সম্মেলন মাঠে রাখা হয়েছে। নির্মাণকাজ শেষ হলে আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে কার্যালয়টি সংস্কার করে নতুন রূপে সাজিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় আরও একটি কার্যালয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি চালু হলে সেখান থেকেও দলের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নয়াপুর বাজারের বিএনপির প্রধান কার্যালয় দ্রুত সংস্কার করে পুনরায় সচল করা হবে। কার্যালয়টি চালু হলে সোনারগাঁয়ে দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পড়ুন :বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন