স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জনাব তারেক রহমান আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দেখেছেন, কোটি মানুষের ভালোবাসা আর দেশের মানুষের ভোটে তিনি আজ প্রধানমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নরসিংদী তাঁত বোর্ডের মিলনায়তনে সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপির সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী সংসদ সদস্য শিরিন সুলতানা এবং নরসিংদী জেলা প্রশাসকের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার।
আব্দুল মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রী এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে ১৭ বছর বিদেশ নির্বাসিত করে দেওয়া হয়েছিল। মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, সেই অন্যায়ের বিচার আজ হয়েছে।
আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু আমরা ন্যায়বিচার চাই।
এবং আপনারা লক্ষ্য করেছেন, আজকের প্রধানমন্ত্রী তিনি ১৭ বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন। বাংলাদেশের মানুষের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
কাজেই এই হলো দেশের ইতিহাস। এবং বিএনপির ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেন আব্দুল মঈন খান।
পড়ুন : মদনে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তাসহ ৫ টন চাল জব্দ


