আজ চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি আন্তনগর ট্রেন

পাবনাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি আন্তনগর ট্রেন সার্ভিস। এর মধ্য দিয়ে ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ এবং ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পরও দীর্ঘ সময় ধরে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি আন্তনগর রেল যোগাযোগের বাইরে থাকা পাবনা জেলা সদর অবশেষে এ সুবিধার আওতায় আসছে।

বিজ্ঞাপন

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্বোধনের দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। পাবনা রেলওয়ে স্টেশনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।

পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে এবং এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নিয়মিত সূচি অনুযায়ী, ১২টি কোচ নিয়ে চলাচলকারী ট্রেন দুটির মধ্যে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে যাত্রা করবে। যাত্রাপথে উভয় দিকেই ট্রেন দুটি দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম.এ মনসুর আলী (শহিদ এম মনসুর আলী), টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেবে।

নতুন এই রেলসেবা চালু হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও নাগরিক সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘এই ট্রেন চালুর মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এটি পাবনার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল। সেই দাবি বাস্তবায়নে তিনি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কাজ করেছেন। অবশেষে ট্রেন চালুর অপেক্ষা শেষ হতে যাচ্ছে। বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর।’ সবার সহযোগিতায় পাবনা আগামীতে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবিএম ফজলুর রহমান বলেন, ‘এটি আমাদের জন্য খুবই খুশির খবর। ট্রেন চলাচল নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। আদৌ চালু হবে কি না, তা নিয়েও নানা প্রশ্ন ছিল। অবশেষে ট্রেন চলাচল শুরু হচ্ছে, এটি এখন বাস্তব। এর মাধ্যমে পাবনার উন্নয়ন অনেক এগিয়ে যাবে। ঢাকায় যাতায়াতে পাবনাবাসী সুফল পাবেন। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও অগ্রগতি হবে।’

পাবনা প্রেস ক্লাবের সভাপতি আকতারুজ্জামান আখতার বলেন, ‘পাবনার রেল যোগাযোগের ইতিহাস শত বছরেরও বেশি পুরোনো হলেও জেলা সদরের মানুষ এতদিন সরাসরি আন্তনগর ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এটি পাবনাবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং প্রত্যাশিত একটি অর্জন।’

সংশ্লিষ্টদের মতে, এতদিন ঢাকায় যাতায়াতের জন্য পাবনার মানুষকে বাস কিংবা অন্য রুটের ট্রেনের ওপর নির্ভর করতে হতো। সরাসরি এই রেল যোগাযোগ চালুর ফলে সড়কপথের যানজট ও যাত্রার অনিশ্চয়তা এড়িয়ে রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীরা স্বস্তিতে যাতায়াত করতে পারবেন; পাশাপাশি জেলার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

পড়ুন :রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে মামলার আইসিজের রায় আজ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন