ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কমিটিতে সাবেক আওয়ামী লীগ নেতা এবং জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের স্থান দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, নবগঠিত কমিটির সভাপতি মধু মাদবর আগে বিরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি বলেও দাবি করেন তাঁরা। এ ছাড়া কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ও বিভিন্নভাবে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিরুলিয়ায় আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
তারা অবিলম্বে কমিটি বাতিল করে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
মানববন্ধনে বিরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমরা অনেক পরিশ্রম করেছি, ত্যাগ স্বীকার করেছি এবং জুলুম-অত্যাচারের শিকার হয়েছি। যারা আমাদের ওপর জুলুম-অত্যাচার করেছে, তারাই যদি আজ কৃষক দলের কমিটিতে এসে সভাপতির পদ পায়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’
মধু মাদবরকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে শাহাবুদ্দিন বলেন, তিনি ছাত্র হত্যা মামলার আসামি।
তিনি বলেন, সাবেক চেয়ারম্যান সুজনের সঙ্গে মধু মাদবরের সম্পৃক্ততা ছিল এবং ছাত্র হত্যার ঘটনায়ও তিনি জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে মধু মাদবরের বক্তব্য জানা যায়নি।
শাহাবুদ্দিন আরও বলেন, ‘এই কমিটি অতিসত্বর বাতিল ঘোষণা করা হোক। তা না হলে আমরা প্রেসক্লাবের সামনে কর্মসূচি দিতে বাধ্য হব।’
মানববন্ধনে বক্তারা সাভার থানা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তাদের দাবি, প্রকৃত ত্যাগী ও দীর্ঘদিনের বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তারা প্রকাশ্যে উপস্থাপন করেননি।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হয়, কমিটিতে কারা স্বাক্ষর করেছেন এবং তাদের দলীয় পরিচয় কী, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তাদের কাছে থাকা কমিটির কপিতে শফিকুল ইসলাম সুমন ও আবু সাঈদের স্বাক্ষর রয়েছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে বক্তারা সাভার-আশুলিয়ার বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর দৃষ্টি আকর্ষণ করেন।
তারা বলেন, তার (সালাউদ্দিন বাবু) নাম ব্যবহার করে বিতর্কিত কমিটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তবে তারা বিশ্বাস করেন, তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কাউকে বিএনপির কোনো কমিটিতে রাখার অনুমতি দেবেন না।
মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ‘ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের প্রতি আমাদের সম্মান আছে। তিনি আমাদের দলের অভিভাবক। আমরা চাই, কেউ যেন তাঁর নাম বিক্রি করে তাঁর সুনাম নষ্ট করতে না পারে, বিএনপির সুনাম নষ্ট করতে না পারে।’
বিক্ষোভকারীরা জানান, কমিটি নিয়ে তাঁদের অভিযোগ বিরুলিয়া ইউনিয়নের দায়িত্বশীল নেতাদেরও জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে সংশ্লিষ্ট নেতারা তাদের বক্তব্য দেবেন বলে তাঁদের জানানো হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা নবগঠিত কমিটি অবিলম্বে বাতিলের পাশাপাশি কমিটি প্রণয়ন ও অনুমোদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তাদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তবে এসব বিষয়ে বক্তব্য জানতে মধু মাদবরের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বক্তব্য দেননি।
পড়ুন : যশোরে যুবদল নেতা রুবেল হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৩


