টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত ৯০ মিনিটের বদলে মাত্র ৩০ মিনিটেই শেষ হয়েছে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত চিতেশ্বরী চেয়ারম্যানপাড়া ও পলাশতলী দলের লড়াই গড়ায় ট্রাইব্রেকারে। সেখানেও কোনো দল জয় না পাওয়ায় ম্যাচটি ড্র হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী সিকদারপাড়া এলাকায় চিতেশ্বরী সিকদারপাড়া একতা যুব সংঘের উদ্যোগে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
চিতেশ্বরী সিকদারপাড়া একতা যুব সংঘের সভাপতি মো. আশিক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,১১ নম্বর আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রিফাত মনোয়ার সিকদার।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম। পৃষ্ঠপোষকতায় ছিলেন, ঠান্ডু সিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নম্বর আজগানা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির। দ্বিতীয় বক্তা ছিলেন,মো. লুৎফর সিকদার। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং এলাকার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচটি প্রতিকূল আবহাওয়ার কারণে রেফারি ও আয়োজকদের সিদ্ধান্তে ৩০ মিনিটে সীমিত করা হয়। এরপর দুই দলের মধ্যে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হলেও কোনো দল জয় পায়নি। ফলে ফাইনাল ম্যাচটি ড্র হয়।
পড়ুন : মানিকগঞ্জে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ


