আনোয়ারায় ব্যবসায়ী-ইজারাদার সংঘর্ষে আহত ৭

0
5
বিজ্ঞাপন

চট্টগ্রামের আনোয়ারায় মার্কেটের চলাচলের রাস্তার পাশে দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদারপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এনসিপি নেতাসহ সাতজন ব্যবসায়ী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ব্যবসায়ী মো. সুমন (৪৫), আব্দুর রহিম (৩৫), ইকবাল কবির (৫০), সাইফুদ্দিন (৩০), শহিদ (৪০), আলী হোসেন (৩৫) ও আজগর (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, চাতরী চৌমুহনী বাজারের এ আলী শপিং কমপ্লেক্সের চলাচলের রাস্তায় একপক্ষ দোকান নির্মাণের উদ্যোগ নেয়। এতে মার্কেটের ব্যবসায়ীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ইজারাদারপক্ষের লোকজন ঘটনাস্থলে এলে সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্যবসায়ী আলী আহমেদ অভিযোগ করে বলেন, দুপুর ২টার দিকে যুবদল নেতা নয়নের নেতৃত্বে মার্কেটের চলাচলের রাস্তার ওপর দোকান নির্মাণ করতে আসেন কয়েকজন। ব্যবসায়ীরা বাধা দিলে তারা সেখান থেকে চলে যান। পরে বিকেল ৫টার দিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাকির আহমেদ ও যুবদল নেতা আজম খানের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করে এসে ব্যবসায়ীদের ওপর হামলা করা হয়। এতে সাত থেকে আটজন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে অভিযোগ অস্বীকার করে দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাজারের ইজারাদার জাকির আহমেদ বলেন, বাজারের খালি জায়গায় তার দলের কয়েকজন দোকান বসাতে চেয়েছিলেন। এ সময় ব্যবসায়ীরা তাদের দোকানপাট ভেঙে দেন। পরে ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীদের সঙ্গে হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়েন।

আহত আনোয়ারা উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেন বলেন, তিনি ঘটনাস্থল থেকে বেশ দূরে আবুল হোসেন মার্কেট এলাকায় বসে ছিলেন। এ সময় অতর্কিতভাবে বিএনপির নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করেন তিনি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে আহত চারজন হাসপাতালে আসেন। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনাটি এনসিপি ও বিএনপির মধ্যে সংঘর্ষ হিসেবে বিভিন্ন জায়গায় ছড়ালেও বিষয়টি এমন নয় বলে জানান ওসি। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মার্কেটের ব্যবসায়ী ও ইজারাদারদের মধ্যে দোকান বসানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন,৷ এই রিপোর্টটি লেখা পর্যন্ত এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ২

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.