সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় এক বিসিআইসি সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্যহাটসংলগ্ন অইল্লারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। এ সময় এনএসআই, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে মেসার্স হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় দোকানের মালিক ও বিসিআইসি সার ডিলার হাজী মো. রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ অনুযায়ী, সরকার নির্ধারিত প্রতি কেজি ইউরিয়া সারের দাম ২৭ টাকা হলেও ওই ডিলার ৩২ থেকে ৩৫ টাকা পর্যন্ত দামে বিক্রি করছিলেন। এছাড়া টিএসপি সার ২৭ টাকার পরিবর্তে ৪০ থেকে ৪৮ টাকা, ডিএপি ২১ টাকার পরিবর্তে ২৫ থেকে ৩০ টাকা এবং এমওপি ২০ টাকার পরিবর্তে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছিল।
কৃষকদের অভিযোগ, বাড়তি দামে সার কিনতে গিয়ে তাঁদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। পাশাপাশি সরকারি ভর্তুকিতে নির্ধারিত মূল্যের সারের সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন।
পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষকদের স্বার্থে নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারলে উন্নয়ন বিফলে যাবে: নেত্রকোনার ডিসি


