ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৮০ জন সিপিপি সদস্য ও ৯০ জন যুব স্বেচ্ছাসেবকের মধ্যে সুরক্ষা ও উদ্ধার উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান।
‘প্রদৃপ্ত’ প্রকল্পের আওতায় উপজেলার মৌডুবিতে এসব উপকরণ বিতরণ করা হয়। কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং জাগোনারীর বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।
১৮টি সিপিপি ইউনিটের ১৮০ জন সদস্যের জন্য দেওয়া হয়েছে ভেস্ট, লাইফ জ্যাকেট, হেলমেট, হেডল্যাম্প, রেইনকোট, গামবুট, রাবারের গ্লাভস, বাঁশি, লাইফ বয়া, স্ট্রেচার, মেগাফোন, সংকেত পতাকা, কুঠার, হাত করাত, রশি ও টর্চলাইটসহ বিভিন্ন উদ্ধার সরঞ্জাম। পাশাপাশি দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার কিট ও প্রয়োজনীয় ওষুধ।
অন্যদিকে, ৯টি গ্রুপের ৯০ জন যুব স্বেচ্ছাসেবকের মধ্যে বিতরণ করা হয়েছে ভেস্ট, রেইনকোট, হেলমেট, হেডল্যাম্প, বাঁশি, লাইফ বয়া ও মেগাফোন।
আয়োজকেরা জানান, দুর্যোগের সময় স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়াদান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের ব্যক্তিগত নিরাপত্তাও নিশ্চিত হবে।
উপকূলীয় ও দুর্যোগপ্রবণ রাঙ্গাবালীতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পড়ুন : ভুয়া র্যাব সেজে স্কুল ছাত্রী কে ধর্ষণ, প্রতারক গ্রেফতার


