জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতুলা পশ্চিমপাড়া গ্রামের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত শায়েবালীর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে শায়েবালীর মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
শায়েবালী উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতুলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা সমেজ উদ্দিনের ছেলে। সম্প্রতি তিনি ক্যান্সারে আক্রান্ত হন। তাঁর অসুস্থতার খবর নাগরিক টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপকভাবে আলোচিত হয়। তবে সংবাদ প্রকাশের কয়েক দিনের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় শায়েবালীর মৃত্যু হয়।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা চরম অসহায় অবস্থায় পড়ে। শায়েবালীর মৃত্যুর পর তাঁর পরিবারের আর্থিক সংকটের বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।
মঙ্গলবার সকালে তিনি শায়েবালীর মা সাহারার হাতে সরকারি অর্থসহায়তা তুলে দেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের অন্যতম দায়িত্ব। শায়েবালীর পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারি সামর্থ্যের মধ্যে তাঁদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।
সরকারি অর্থসহায়তা পেয়ে শায়েবালীর মা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছেলেকে হারিয়ে তাঁরা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন। এই কঠিন সময়ে উপজেলা প্রশাসনের সহযোগিতা তাঁদের জন্য বড় ধরনের মানসিক ও আর্থিক স্বস্তি এনে দিয়েছে।
পড়ুন : ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের অপ্চেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী
সা/


