হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসির প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালীর প্রবেশমুখে গোয়েন্দা অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক, মানুষবিহীন ও স্মার্ট একটি সাবমেরিন আটক করেছে ইরানের নৌবাহিনী।
তবে ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের একটি পুরোনো মডেলের আন্ডারওয়াটার ড্রোন ওই এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছিল।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, আটক করা স্মার্ট সাবমেরিনটি পানির নিচে ব্যবহারের জন্য বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত হয়। শিগগিরই আটক করা সাবমেরিনটির ছবি প্রকাশ করা হবে বলেও জানিয়েছে আইআরজিসি।
ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মানুষবিহীন ওই ডুবোজাহাজের প্রধান সক্ষমতার মধ্যে রয়েছে পানির নিচে অনুসন্ধান ও নজরদারি, সমুদ্রতলের ম্যাপিং, মাইন শনাক্ত করা এবং সাবমেরিন কেবল ও পাইপলাইন পরিদর্শন।
তবে ইরানের এ দাবির পরপরই বিষয়টি নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, একদিনেরও বেশি সময় আগে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর পরিচালিত একটি আন্ডারওয়াটার ড্রোন বিকল হয়ে পড়েছিল।
ওই কর্মকর্তার দাবি, চলমান অভিযানে সহায়তার অংশ হিসেবে ড্রোনটি আঞ্চলিক জলসীমায় জরিপ চালাচ্ছিল। এটি ছিল পুরোনো মডেলের একটি ড্রোন। তার দাবি, ড্রোনটি কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহ করত না এবং এতে কোনো রাডার সরঞ্জামও ছিল না।
পড়ুন: পোলাও চালের দামে লাগামহীন দৌড়, কারসাজি কোথায়?
আর/


